ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি: বাসাইল উপজেলা ইউএনও’র সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদকঃ
বাসাইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আকলিমা বেগম ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিভিন্ন গুজব ও বিভ্রান্তি নিয়ে উপজেলাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে সারাদেশে সীমিত পরিসরে কয়েকটি উপজেলায় নির্দিষ্ট কিছু ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু রয়েছে।
তবে বাসাইল উপজেলায় এখনো এ বিষয়ে কোনো সরকারি নির্দেশনা আসেনি।
ইউএনও আরও বলেন, ভবিষ্যতে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হলে তা যথাযথভাবে প্রচার করা হবে এবং জনগণকে অবহিত করা হবে।
এ ক্ষেত্রে উপকারভোগী নির্বাচন একটি নির্ধারিত কমিটির মাধ্যমে সম্পন্ন হবে। ইতোমধ্যে প্রাপ্ত পরিপত্র অনুযায়ী ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে, যেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন।
তবে এ কমিটিতে কোনো জনপ্রতিনিধি থাকবেন না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু অসাধু ব্যক্তি ফ্যামিলি কার্ডের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং বিভ্রান্তিকর।
বর্তমানে এ ধরনের কোনো কার্যক্রমের অনুমোদন নেই।এ প্রেক্ষিতে তিনি বাসাইল উপজেলার সকল নাগরিককে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার এবং সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আশ্বাস দেন, ফ্যামিলি কার্ড সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
