সর্বশেষ

Saturday, October 31, 2026

বাসাইল থানার ওসি আলমগীর কবিরের ছেলে ওয়াসিফ আলম আদিত্যের জিপিএ-৫ অর্জন

বাসাইল থানার ওসি আলমগীর কবিরের ছেলে ওয়াসিফ আলম আদিত্যের জিপিএ-৫ অর্জন

 



নিজস্ব প্রতিবেদক:


সন্তানের সাফল্যে গর্বিত বাবা। ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের ছেলে ওয়াসিফ আলম আদিত্য।


তার এ অসাধারণ ফলাফলে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। সন্তানের এমন সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা ওসি আলমগীর কবির।


তিনি ছেলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। ওয়াসিফ আলম আদিত্য যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশা পরিবারের।


ওয়াসিফ আলম আদিত্যের এ কৃতিত্বে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।


Friday, October 30, 2026

বাসাইলে ৭৫ পিস ইয়াবাসহ ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

বাসাইলে ৭৫ পিস ইয়াবাসহ ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার






নিজস্ব প্রতিবেদকঃ



টাঙ্গাইলের বাসাইলে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাব্বির মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ।


পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।


এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের কাউলজানি বটতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাউলজানি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাব্বির মিয়াকে তাঁর বসতঘর থেকে ৭৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত সাব্বির মিয়ার বিরুদ্ধে বাসাইল থানায় মামলা নম্বর-১২, তারিখ ২৯/১০/২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) গ্রেপ্তারকৃত সাব্বির মিয়াকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Wednesday, October 28, 2026

বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন;  সভাপতি মাসুদ, সম্পাদক  আরিফুল ইসলাম

বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন; সভাপতি মাসুদ, সম্পাদক আরিফুল ইসলাম

 


 


 

​নিজস্বপ্রতিবেদকঃ

 

 

দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্টের বাসাইল উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি এবং ঢাকা পোস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 'বাসাইল রিপোর্টার্স ইউনিটি'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

 

​বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

 

 

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জনি (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো. নাসির মিয়া (দৈনিক ভোরের আকাশ), ক্রীড়া সম্পাদক সাগর মিয়া (দৈনিক ইনকিলাব), সাহিত্য সম্পাদক নাছির আহমেদ (দৈনিক খোলা কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (বাসাইল নতুন সংবাদ ডট কম)।

 

 

 

​কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো. রুবেল মিয়া (বাংলা টিভি), শরিফুল ইসলাম মিয়া (দৈনিক দিনকাল), মো. মিলন ইসলাম (দৈনিক আজকের টেলিগ্রাম), মো. হাসান মিয়া (দৈনিক ভোরের কন্ঠ), ​মো. জাকির হোসেন (টাঙ্গাইল সমাচার)।

 

 

​বাসাইল রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি এবং বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।

 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, বর্তমান সহ-সভাপতি ছানোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য ইউসুফ আলী খান ও আখতারুজ্জামান রিপনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Wednesday, October 21, 2026

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন

 



 

নিজস্ব প্রতিবেদক:

 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

 

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়, যাতে পূজার সময় সর্বসাধারণ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন।

 


এ সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।

 

পরিদর্শনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য পুলিশ কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tuesday, October 20, 2026

বাসাইলের কাঞ্চনপুরে ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি সভাপতি মাসুদুল আলম বিপ্লব

বাসাইলের কাঞ্চনপুরে ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি সভাপতি মাসুদুল আলম বিপ্লব

 


নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল আলম বিপ্লব।


সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া, মাঝিবাড়ি, সৈদামপুর,  হালুয়াপাড়া ও কর্মকারপাড়া সাহাবাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির সদস্য ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


পরিদর্শনকালে মাসুদুল আলম বিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।


তিনি বলেন, “আপনাদের মধ্যে কোনো সমস্যা বা সীমাবদ্ধতা নজরে এলে অবশ্যই উপজেলা প্রশাসন ও থানাকে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই, এই উৎসব সবার উৎসবে পরিণত হোক।”


এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সহসভাপতি মো. ছিদ্দিকুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. হাসমত মিয়া, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. ফজলু মিয়া, ১ং ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।