তোফায়েল আহমেদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: কাদের সিদ্দিকী
বাসাইল নতুন সংবাদ ডেস্ক:
৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে তোফায়েল আহমেদের গুরুত্বপূর্ণ অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিশেষ করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তাঁর সাহসী ও বলিষ্ঠ ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে তোফায়েল আহমেদের প্রজ্ঞা, নেতৃত্ব ও অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
