কৃষক কার্ড পাওয়া আলোচিত কৃষক কবির হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কৃষক কবির হোসেন আর নেই। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
চলতি বছরের ১৪ এপ্রিল টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ গ্রহণ করেন কবির হোসেন। অনুষ্ঠানে কার্ডপ্রাপ্ত ১৫ জন কৃষকের মধ্যে তিনি ছিলেন অন্যতম এবং সেখানে কৃষকদের প্রতিনিধি হিসেবে বক্তব্যও রাখেন।
অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন মহল থেকে তাকে ‘ভুয়া কৃষক’ বলে দাবি করা হয়। একই সঙ্গে তাকে নিয়ে তৈরি কিছু এআই (AI) জেনারেটেড ছবিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে।
তবে পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের অনুসন্ধানে জানা যায়, কবির হোসেন প্রকৃতপক্ষেই একজন প্রান্তিক কৃষক ছিলেন। তিনি নিজস্ব প্রায় ১৩ শতক জমিতে কৃষিকাজ করতেন এবং দীর্ঘদিন ধরে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।
কৃষিকাজের পাশাপাশি তিনি কৃষকদের জীবন-সংগ্রাম ও কৃষিকাজের বিভিন্ন দিক তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কন্টেন্ট তৈরি ও প্রকাশ করতেন। এ কারণে স্থানীয় পর্যায় ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ পরিচিতি লাভ করেন।
কবির হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
