বাসাইলে বিএনপি নেতা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়কের জামায়াতে ইসলামীতে যোগদান - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • বাসাইলে বিএনপি নেতা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়কের জামায়াতে ইসলামীতে যোগদান

     


    নিজস্বপ্রতিবেদকঃ

     

    টাঙ্গাইলের বাসাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

     

    বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে বাসাইল উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দলটিতে যোগদান করেন এবং যোগদান পরবর্তীতে দলটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি বাসাইল-সখীপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি ফরিদ হোসাইন সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

     

    জামায়াতে যোগদান উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বাসাইল প্রেসক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন উত্তম কুমার সাহা, এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি শুরু করেন। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজে তিনি ছাত্রদলের মনোনীত নাট্য বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


    গত ১৮ বছর রাজপথে সক্রিয় আন্দোলন করেছি। কিন্তু আগস্টের পর বিএনপির ভেতরে যে পরিমাণ কোন্দল এবং একে অপরের প্রতি অসহনশীলতা দেখেছি, তা আমাকে ব্যথিত করেছে। সেখানে সহনশীলতার অভাব বোধ করায় আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।"

     

    তিনি আরও বলেন, "আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যেজামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা শাখা-সিঁদুর পরতে পারবে না বা চলাফেরা করতে পারবে না। মূলত অন্য দলগুলো এই ভয় দেখিয়ে হিন্দুদের পিছিয়ে রেখেছে। আমি মনে করি, ধর্ম যার যার, কিন্তু রাজনীতি সবার। জামায়াতে যোগ দিলেই কেউ মুসলমান হয়ে যায় না, আর না করলে হিন্দুত্ব হারায় না।"​

     

    তিনি জামায়াতে ইসলামীর শৃঙ্খলার প্রশংসা করে বলেন, "এই দলে মুসলমান ভাইয়েরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তেমনি হিন্দু ভাইয়েরাও নিজ নিজ ধর্ম পালন গীতা পাঠ করেন। তাদের মূল শিক্ষা হলো ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। একজন মানুষ যখন নিজের ধর্মের প্রতি সঠিক জ্ঞান রাখে, তখন সে অন্যের সাথে খারাপ ব্যবহার করে না এবং দুর্নীতিতে জড়ায় না। মূলত এই নৈতিকতা এবং দুর্নীতিরোধের আদর্শে উদ্বুদ্ধ হয়েই আমি এই নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছি।"

     

    সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মো. আফজাল হোসেন এবং সাংবাদিকদের মধ্যে বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মো: রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূইয়া সোহেল, সহ-সভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক মো. নাসির মিয়া, সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য সহদেব সূত্রধর সায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।