Friday, August 28, 2026

বাসাইলে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

 


নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের বাসাইলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাসাইল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বাসাইল থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ পিস অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—কাঞ্চনপুর পশ্চিমপাড়ার মো. বিদ্যুৎ খান (৩০), পিতা—আ. আজিজ খান; শরীফ মিয়া (২৬), পিতা—মৃত বিশু মিয়া এবং রুবেল খান (২৬), পিতা—মৃত রবি খান। তারা সবাই বাসাইল থানার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, আটকের পর অবৈধ মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অপরাধে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালত আসামি মো. বিদ্যুৎ খানকে ৫ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা, আসামি শরীফ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা এবং আসামি রুবেল খানকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ প্রহরায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে বাসাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন