Friday, August 7, 2026

বাসাইলে মহাসড়কে উদ্ধার পথশিশু মাসুদকে সমাজসেবা অধিদপ্তরের জিম্মায় হস্তান্তর

 



নিজস্ব প্রতিবেদকঃ


 টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় অসহায় এক পথশিশুকে উদ্ধার করেছে বাসাইল থানা পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে নিরাপদ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।


বাসাইল থানা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে (২৩:৩০) বাসাইল থানাধীন ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় প্রায় ৯ বছর বয়সী এক পথশিশুকে একা ঘোরাফেরা করতে দেখে পুলিশের একটি টহল দল তাকে উদ্ধার করে। শিশুটি তার নাম মাসুদ বলে জানালেও তার বাবা-মা, আত্মীয়-স্বজন কিংবা কোনো পরিচিত ব্যক্তির নাম-ঠিকানা বা মোবাইল নম্বর জানাতে পারেনি।


পুলিশের সঙ্গে দীর্ঘ সময় কথা বলে শিশুটি জানায়, প্রায় পাঁচ-ছয় বছর আগে একটি সড়ক দুর্ঘটনার পর সাব্বির নামে এক ব্যক্তি তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে প্রায় দুই বছর থাকার পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর দীর্ঘদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর ঢাকার আব্দুল্লাহপুর বা টঙ্গীর কোনো এক এলাকায় রাস্তার পাশের একটি খাবার হোটেলে তার আশ্রয় হয়।


শিশুটির ভাষ্য অনুযায়ী, মহিবুল্লাহ নামে ওই হোটেলের মালিক তাকে সপ্তাহে ২০০ টাকা বেতনে কাজ দেন। কিন্তু গত ৬ আগস্ট বিকেলে কাজ করার সময় তার হাত থেকে একটি কাঁচের প্লেট পড়ে ভেঙে গেলে ক্ষিপ্ত হয়ে হোটেল মালিক তাকে মারধর করেন এবং হোটেল থেকে বের করে দেন।


অসহায় মাসুদ পরে টঙ্গী বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী একটি বাসে উঠে ২০০ টাকা ভাড়া দিয়ে বাসাইলের বাঐখোলা এলাকায় এসে নামে। রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে বাসাইল থানা পুলিশের টহল দল তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।


পরে বিষয়টি বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে সমাজসেবা বিভাগের নিরাপদ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।


এদিকে, শিশুটির প্রকৃত পরিবার বা স্বজনদের খুঁজে বের করতে তার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।


 অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, বাসাইল থানা, টাঙ্গাইল।


শেয়ার করুন