নিজস্ব প্রতিবেদকঃ
মুক্তিযুদ্ধবিষয়ক
মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমি বিরোধী দলের উদ্দেশে বলতে চাই—শান্ত হোন, হুঁশে আসুন, বেহুঁশ হবেন না। এই সরকার জনগণের
ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে
হলে পাঁচ বছর পর যে নিরপেক্ষ
নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে বেশি আসন পেলে সরকার গঠন করবেন। নইলে এই সরকারই আবার
নির্বাচিত হবে।”
মঙ্গলবার
(১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ
আযম খান বলেন, “আপনারা তো আবারও পাপাচার
করবেন। যে ভোট দেবেন,
বেহেশত দেব—নাউযুবিল্লাহ মিন জালিক। জনগণ বুঝে যে, এই বেহেশতের টিকিট
মানে পাপাচার। এখানে আমরা যাব না বলেই জনগণ
৩০০ আসনের মধ্যে সোয়া ২০০ আসনে বিএনপিকে ভোট দিয়েছে।”
মন্ত্রী
বলেন, “আজকে বিরোধী দল অযথা কাল্পনিক
আস্ফালন করেছে। আমরা বিরোধী দলের উদ্দেশে বলতে চাই—শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও-পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে
যাবেন না। আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না। আমরা কোনো সিলের নির্বাচন দেখতে চাই না। আমরা কোনো জোর-জবরদস্তির শাসন দেখতে চাই না।”
তিনি
আরও বলেন, “আমাদের সরকার সেবকের সরকার। আমরা জনগণের সেবা করব। পাঁচ বছর পর আবার তত্ত্বাবধায়ক
সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের
মাধ্যমে জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা আসব। আপনাদের ভোট দিলে আপনারাও আসবেন। জ্বালাও-পোড়াও করে অযথা সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিষ্কার।”
আহমেদ
আযম খান বলেন, “যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন, আমরা বারবার তার জন্য ধন্যবাদ জানিয়েছি। তেমনি পার্লামেন্টের বাইরে মাঠের আন্দোলনেও দায়িত্বশীল আচরণ করুন। এটাই বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের মানুষ আশা করে। আপনাদের বলব—আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ
আপনাদের ইনশাআল্লাহ উপহার দেব।”
আইসড়া
উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক
সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় বিএনপি ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট
ব্যক্তিরা।
