Sunday, August 30, 2026

বাসাইলে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ, অংশ নিলেন ৩ শতাধিক মানুষ মাদকের কুফল তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান

 



 

নিজস্ব প্রতিবেদকঃ

 

 মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইলের বাসাইলে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষ অংশ নেন।

 

রোববার (৩০ আগস্ট) বাসাইল থানাধীন ২ নং কাউলজানী ইউনিয়নে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদকের বিভিন্ন কুফল ও ভয়াবহ পরিণতি তুলে ধরে মাদক থেকে দূরে থাকার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

 

সমাবেশ শেষে কাউলজানী বোর্ডবাজার এলাকায় একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান।

 

মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, বিট অফিসার এসআই নুরুল ইসলাম, সহকারী বিট অফিসার এএসআই মকবুল হোসেনসহ কাউলজানী ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-যুবসমাজ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন