|
ads
  • বাসাইলে কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট বিতরণ

     



    নিজস্ব প্রতিবেদকঃ


    আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নির্বাচনী সরঞ্জাম ও ব্যালট পেপার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। 


    আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই সামগ্রী বিতরণ করা হয়। 


    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, কালি এবং আনুষঙ্গিক নির্বাচনী মালামাল তুলে দেওয়া হয়। এসময় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়োজিত থাকতে দেখা গেছে।

    ​বিতরণ কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। প্রতিটি কেন্দ্রের জন্য নির্ধারিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সরঞ্জামসহ ভোটকেন্দ্রের অভিমুখে রওনা হয়েছেন। 


    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসাইল উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে ইতোমধ্যে আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনি মালামাল পৌঁছানোর পর কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে বিশেষ সতর্কতার সাথে সরঞ্জাম পাঠানো হয়েছে। 


    উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। 


    উল্লেখ্য, উপজেলায় ৫৫টি কেন্দ্র, মোট ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ৩৯৭ জন, তারমধ্য পুরুষ  ভোটার ৭৮ হাজার ৪১৩ জন, মহিলা ভোটার ৭৮ হাজার ৯৮৩ জন ভোট প্রদান করবেন।