বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে বাসাইল থানাধীন গোল্লা নাহিদ ফিলিং স্টেশনের বিপরীত পাশে, যমুনাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সৈয়দ মনিরুজ্জামান (৫৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার তালতলা নদীর পাড়া (আকুর ঠাকুর পাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আব্দুল ওয়াহেদ এবং মাতার নাম সৈয়দা সামিমন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি বাজাজ কোম্পানির ১০০ সিসি লাল রঙের মোটরসাইকেল (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো হ ১৯-৯৬৫৩) নিয়ে যমুনার দিকে যাচ্ছিলেন মনিরুজ্জামান। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ি পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সার্ভিস লেনে পড়ে যান। এতে তার মাথা ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর আদনান নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে বাসাইল থানার গলফ-৪১ দিবা ডিউটির এএসআই মো. শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
তবে এর আগেই স্থানীয়রা আহত মনিরুজ্জামানকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান।
পরে হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বর্তমানে তার মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, একটি লাল রঙের হেলমেট ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।
হাইওয়ে পুলিশ গোড়াই ফাঁড়ির এসআই মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এসে মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

