বাসাইলে মনি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অবস্থিত মনি ক্লিনিক অ্যান্ড হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা রোডে অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী কোনো সেবা প্রদানকারীর অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতার কারণে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানির ঝুঁকি সৃষ্টি হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদান করার দায়ে মনি ক্লিনিক অ্যান্ড হাসপাতালকে এই জরিমানা করা হয়েছে। এ সময় ভবিষ্যতে পরিচ্ছন্নতা বজায় রেখে সেবা প্রদান করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
