Saturday, August 1, 2026

বাসাইলে বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক ১

 


নিজস্ব প্রতিবেদক :


টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় আরও একজন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের একটি অভিযানিক দল বাসাইল পৌরসভার পূর্ব মধ্যপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত ৯টা ৫০ মিনিটে পরিচালিত অভিযানে সজীব মিয়া (২৯), পিতা: আব্দুস সালাম, মাতা: নিলুফা বেগম এবং সজীব (২৫), পিতা: নুর মিয়া, মাতা: আলেয়া বেগমকে বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


অভিযান চলাকালে গ্রেপ্তারকৃত দুই আসামির কাছ থেকে ১০ পিস করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পারভেজ (২৮), পিতা: মৃত মোকসেদ আলী, সাং- পূর্ব মধ্যপাড়া, বাসাইল পৌরসভা, টাঙ্গাইল, নিজের হেফাজতে থাকা আরও ৪ পিস ইয়াবা ট্যাবলেট বসতঘরের দরজার সামনে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে ওই ৪ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। ফলে উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা দাঁড়ায় ২৪ পিস।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি এবং পলাতক পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর ১০(ক) ধারায় বাসাইল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানায়, অভিযুক্তরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে বাসাইল সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।


গ্রেপ্তারকৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১ আগস্ট ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদক নির্মূলে বাসাইল থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।



শেয়ার করুন