নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে টাঙ্গাইল সদর ও বাসাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমান, পিপিএম। তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।
পরিদর্শনকালে তিনি টাঙ্গাইল সদর থানাধীন বড় কালীবাড়ী পূজামণ্ডপ, বাসাইল থানাধীন সাহাপাড়া পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। উৎসবকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ. কে. এম. মামুনুর রশীদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

