Tuesday, October 20, 2026

বাসাইলের কাঞ্চনপুরে ৬টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি সভাপতি মাসুদুল আলম বিপ্লব

 


নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুল আলম বিপ্লব।


সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া, মাঝিবাড়ি, সৈদামপুর,  হালুয়াপাড়া ও কর্মকারপাড়া সাহাবাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন কমিটির সদস্য ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


পরিদর্শনকালে মাসুদুল আলম বিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। কোনো ধরনের সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তা উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।


তিনি বলেন, “আপনাদের মধ্যে কোনো সমস্যা বা সীমাবদ্ধতা নজরে এলে অবশ্যই উপজেলা প্রশাসন ও থানাকে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা চাই, এই উৎসব সবার উৎসবে পরিণত হোক।”


এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সহসভাপতি মো. ছিদ্দিকুর রহমান, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. হাসমত মিয়া, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. ফজলু মিয়া, ১ং ওয়ার্ডের সাধারণ সম্পাদকসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



শেয়ার করুন