Thursday, April 16, 2026

বাসাইলে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

 






নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।



বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে চলা অবৈধ মাটি কাটার কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।



ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আরোহা গ্রামে দীর্ঘদিন ধরে ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করা হচ্ছিল, যা স্থানীয় কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। 



গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কাশিল ইউনিয়নের হাজী আব্দুল গফুর জমাদারের ছেলে রাজু জমাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, “কৃষিজমি আমাদের অমূল্য সম্পদ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।



কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 



তাদের মতে, অবৈধভাবে মাটি কাটার কারণে এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সময়োপযোগী এ পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেন।



শেয়ার করুন