Wednesday, April 22, 2026

বাসাইলে ব্যবসায়ী অপহরণ: ১৬ ঘণ্টা পর উদ্ধার, আটক ১

 



নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অপহরণের শিকার এক ব্যবসায়ীকে ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। 

গত ১৭ এপ্রিল ভোর রাতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই ব্যবসায়ীর নাম মো. মুরাদ হোসেন খান। 

তিনি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তবে ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে তিনি টাঙ্গাইল শহরে বসবাস করে আসছেন।

মামলার সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল তার মুক্তিযোদ্ধা মামার জানাজায় অংশ নিতে নিজ গ্রাম হাবলায় যান মুরাদ। 

ওই দিন দুপুর প্রায় ১টার দিকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে পাকা সড়কে বের হলে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ চক্র খয়েরি রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪২-৪৮৫৫) দিয়ে তার পথরোধ করে। এ সময় তারা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে মুরাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মুরাদের স্ত্রী বাসাইল থানায় বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে ১৭ এপ্রিল ভোরে তাকে দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে।

এদিকে, ২২ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী চক্রের প্রধান হিসেবে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয়। সে হাবলা উত্তরপাড়া গ্রামের আবু সাঈদ কালুর ছেলে। ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বাসাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, আটককৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন