Thursday, September 17, 2026

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

 





নিজস্বপ্রতিবেদকঃ


বঙ্গভবনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা


ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতিকে কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় প্রতীক ‘গামছা’ ও একটি বই উপহার দেন কাদের সিদ্দিকী।


প্রায় ৪৫ মিনিটের বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ গঠনে বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয় বলে জানানো হয়েছে।


বৈঠকের শুরুতে প্রয়াত বেগম নাসরীন কাদের সিদ্দিকীর আত্মার মাগফেরাত কামনা করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি তাঁর স্মৃতিচারণ করেন এবং বলেন, নাসরীন কাদের সিদ্দিকী ছিলেন একজন সরল মনের মানুষ। তাঁর অভাব অপূরণীয়। রাষ্ট্রপতি তাঁর হাতের রান্না করা খাবারের কথাও স্মরণ করেন।


বৈঠকে দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি পরমতসহিষ্ণুতার দ্বার উন্মোচন করে দেশ গঠনে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করতে রাষ্ট্রপতির অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন।


উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২১ আগস্ট বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 



শেয়ার করুন