|
ads

🕰️
  • বাসাইলে গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি




    নিজস্ব প্রতিবেদকঃ


    টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে আনুমানিক ৩ লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।


     এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।


    গত সোমবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


    ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম খান জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় তিনি তার তিনটি গরু গোয়ালঘরে বেঁধে তালা দিয়ে রাখেন।


     রাত প্রায় ১১টার দিকে তিনি শেষবারের মতো গরুগুলো দেখে ঘুমাতে যান। কিন্তু পরদিন মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে নামাজের জন্য ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই।



    তিনি আরও জানান, চুরি হওয়া গবাদিপশুর মধ্যে একটি কালো গাভী, একটি লাল-কালো রঙের ষাঁড় এবং একটি হালকা লাল রঙের বকনা বাছুর রয়েছে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই তিনটি গরুর মোট মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।



    ঘটনার পরপরই ভুক্তভোগী ও তার স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালালেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক আরও বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



    এ বিষয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) আব্দুর রহিম খান বাদী হয়ে বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।



    বাসাইল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং চুরি হওয়া গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।